বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

- আপডেট সময় : ০৪:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দীন (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায় জিয়া মিষ্টিবাড়ির সামনে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের মজিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে কাঠের গুঁড়াবোঝাই একটি ট্রাক বাঘার দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে ট্রাকটি চণ্ডীপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় কাঠের গুঁড়াবাহী ট্রাকের চালক নাসির উদ্দীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে আলুবোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।



















