বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা

- আপডেট সময় : ০৭:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ঘিরে সম্ভাব্য অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ে এ সভা হয়। সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বেপজা, এনএসআই, ডিজিএফআই ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান।
সভায় আরও উপস্থিত ছিলেন সিইপিজেড বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহদাত, এনএসআইয়ের যুগ্ম পরিচালক নুরুদ্দীন মোহাম্মদ বোরহান, ডিজিএফআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, সিএমপির বন্দর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম এবং পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শহীদ ইশরাক।














