ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করতে পারবে না: প্রধানমন্ত্রী
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

- আপডেট সময় : ০৮:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে নানা ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তগুলোতে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে জাতির সামনে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রথমটি হলো যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা। দ্বিতীয়টি হলো শহীদদের প্রত্যাশিত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ
সশস্ত্র বাহিনীর ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়।
১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ পরিচালনা করে। ঐতিহাসিক সেই দিনটির স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
মুক্তিযুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর সামরিক অভিযান শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন।
জিয়াউর রহমানের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনা কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী সেই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, সাহস ও গৌরবের প্রতীক।
তার অভিযোগ, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা প্রতিহত করা হয়েছিল।
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনা দেশের জন্য গভীর সংকট তৈরি করেছিল। ওই ঘটনার পর বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা
দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তারেক রহমান বলেন, সেনা, নৌ ও বিমানবাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তিন বাহিনী একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় কাজ করে। এ লক্ষ্য সামনে রেখে সরকার নতুন পরিকল্পনাগত নির্দেশনা বা ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে।
বর্তমান বিশ্বের নিরাপত্তাব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষাব্যবস্থা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।
সশস্ত্র বাহিনীর কার্যক্রমে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থাই একটি শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রধান ভিত্তি।
২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা
সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ করছে।
যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ইতোমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে।
তিনি বলেন, বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
দুর্যোগ মোকাবিলা ও শান্তিরক্ষা মিশনে ভূমিকার প্রশংসা
দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত অঞ্চলে প্রয়োজনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ও আহত সদস্যদের আত্মত্যাগও স্মরণ করেন তিনি।
দেশে ও বিদেশে দায়িত্ব পালনকালে নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।
আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশগুলোর অবদান স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও প্রতিরক্ষা সহযোগিতায় বন্ধুপ্রতিম দেশগুলোর সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাবেন।
সেনানিবাসে মায়ের স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী
বক্তব্যের শুরুতে ঢাকা সেনানিবাসের সঙ্গে নিজের পারিবারিক স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
তারেক রহমান স্মরণ করেন, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল তাঁর মায়ের জীবনে এ ধরনের শেষ অংশগ্রহণ।




















