nurul-islam-nahid-arrested-uttara
উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

- আপডেট সময় : ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর তুরাগ এলাকায় অবস্থিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করতোয়া ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে করতোয়া ভবনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযান চলাকালে ওই বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিয়ানীবাজারে দুটি হত্যা মামলা
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক আরেকটি হত্যা মামলা করেন।
বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গোলাপগঞ্জে আরও তিন হত্যা মামলা
অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত নাজমুল ইসলাম উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা ছিলেন।
ওই মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মী এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়।
এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিনের হত্যার ঘটনায় তাঁর ভাতিজা রেজাউল করিম পৃথক মামলা করেন।
গোলাপগঞ্জ থানায় দায়ের করা এসব হত্যা মামলায়ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।



















