জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর

- আপডেট সময় : ০৬:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অক্টোবর মাসের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।
ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে বিশেষ আদেশ জারি করা হলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) এনবিআরের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।
এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে জানানো হয়, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার কার্যক্রম ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে। এই বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো ধরনের সুদ বা জরিমানা দিতে হবে না।




















