বাঘায় মাদকসহ একজন আটক, ৪০ পিস ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ১২:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বাঘা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই নাহিদসহ একটি চৌকস দল অংশ নেয়। এ সময় একই গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে রবিউল আউয়াল (৩৮)কে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ যত গোপনেই করা হোক না কেন, তা একসময় প্রকাশ পায়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














