সংবাদ শিরোনাম ::
তৈরি পোশাক খাতে উষ্কানি ও অর্থযোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সম্প্রতি তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে প্রভাব বিস্তার, অস্থিরতা তৈরিতে উষ্কানি এবং অর্থ যোগানের অভিযোগে সাভার পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন আহমেদ সোহেল ওরফে টেনশন সাহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সাভারের পৌর এলাকা ব্যাংক টাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন আহমেদ সোহেল ব্যাংক টাউন এলাকার মো. শাহাদাৎ হোসেনের ছেলে। পুলিশ সুত্র জানান, সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে সৃষ্ট আন্দোলনকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ হয়ে উষ্কানি দিচ্ছিলেন সোহেল। এছাড়াও এই অস্থিরতা তৈরিতে বিভিন্ন উপায়ে নাশকতাকারীদের মধ্যে অর্থযোগানদাতা হিসাবেও ভূমিকা রাখছিলেন তিনি। পরবর্তীতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও সোহেলের বিরুদ্ধে ২০২৪ সালে গণ অভ্যুত্থানে ছাত্র হত্যা ঘটনায় দায়েরকৃত একটি মামলাও রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতাও পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে পোশাক খাতে অস্থিরতা তৈরির ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।



















