দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি

- আপডেট সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দীপাবলির আনন্দে ভক্তদের সঙ্গে পরিবারের বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথমবারের মতো ছেলে ভিহানের মুখ প্রকাশ্যে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেছেন তারা। সঙ্গে জানিয়েছেন দীপাবলির শুভেচ্ছা।
রোববার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাপশনে লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তার শেষে নিজেদের পাশাপাশি ছেলে ভিহানের নামও যুক্ত করেন তারা।
ছবিতে ক্যাটরিনাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। ভিকির পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট ভিহানকে হাসিমুখে হাত নাড়তে দেখা গেছে।
প্রকাশের পরপরই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তদের আগ্রহের কেন্দ্রে ছিল ছোট্ট ভিহান। সন্তানের জন্মের পর থেকে তার ছবি ও ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন এই দম্পতি। তাই প্রথমবার তার মুখ দেখতে পাওয়া ভক্তদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
২০২১ সালে রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিন সম্পর্ক আড়ালে রাখার পর বিয়ের খবর জানান তারা। ২০২৫ সালে তাদের সংসারে আসে ছেলে ভিহান।



















