বাঘা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
- আপডেট সময় : ০৭:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) রাতে বাঘা থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম দাদপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। পুলিশের ভাষ্যমতে, তাকে নিজ বাড়ির সামনে থেকে মাদকদ্রব্য বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।










