সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ
- আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সাভারে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সকাল থেকেই ডেঙ্গু আক্রান্ত এবং উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভিড় করছেন রোগীরা। এতে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন ১৭৩ জন।
অন্যদিকে, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, গত এক মাসে সেখানে প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মাত্র ৫০ শয্যার হওয়ায় বাড়তি রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের ব্যাপক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে বিশেষ করে নিম্নআয়ের রোগী ও তাদের স্বজনদের ওপর বাড়তি চিকিৎসা ব্যয়ের চাপ তৈরি হচ্ছে।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সক্ষমতা দ্রুত বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। তাদের দাবি, বর্তমান ৫০ শয্যার হাসপাতালটিকে অন্তত ২০০ শয্যায় উন্নীত করা হলে ডেঙ্গুসহ অন্যান্য রোগের চিকিৎসায় স্থানীয় মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
স্থানীয়দের মতে, সাভারে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। রোগীর চাপের তুলনায় সরকারি চিকিৎসা অবকাঠামো ও শয্যা সংখ্যা এখনও সীমিত। তাই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।
একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।









