ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা
- আপডেট সময় : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা
ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনায় অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলার সময় এবং বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।
অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন নিয়ম
স্লট খোলার সময়:
সাধারণত পরবর্তী দুই সপ্তাহের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লট প্রাপ্যতার ওপর সময়সূচি নির্ভর করবে।
বুকিংয়ের সময়সূচি:
স্লট উপলভ্য থাকা সাপেক্ষে নির্ধারিত দিনগুলোতে নিচের সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে—
- রোববার থেকে বৃহস্পতিবার: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
- শনিবার: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
অন্যান্য নির্দেশনা:
একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা অফিস খোলার দিন বিবেচনায় পরবর্তী দুই সপ্তাহের মধ্যে উপলভ্য যেকোনো তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
আইভ্যাকের পক্ষ থেকে সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এতে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।









