উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৩৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মুন্না মিয়া (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের বড় গাবেরতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মুন্না মিয়াকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি OnePlus Nord CE2 মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জব্দকৃত মোবাইল ফোনে অনলাইন জুয়া পরিচালনা ও অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত এবং আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এসব আলামত পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উলিপুর থানা পুলিশ জানায়, অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ লেনদেন ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে মুন্না মিয়ার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “অনলাইন জুয়া সমাজের জন্য ক্ষতিকর এবং তরুণদের বিপথগামী করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কেউ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সচেতন মহল অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং এ বিষয়ে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।



















