অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল
- আপডেট সময় : ০৩:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধ জাল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন। অভিযান চলাকালে বাজারের দুটি গুদাম ও একটি দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তদন্তে জালগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত মোশাররফ হোসেন ও ইমরান নামে দুই ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া রতন মিয়া নামে আরেক ব্যবসায়ীকে নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল এবং ৪ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জলজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় বাসিন্দারাও উপজেলার অন্যান্য বাজারে একই ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।









