লালপুরে পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, বালুমহল নিয়ে সংঘর্ষের জের
- আপডেট সময় : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীর থেকে একটি স্পিডবোটের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৯ জুন বিকেলে লালপুর থানাধীন চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার হবির চর এলাকায় বালুমহলকে কেন্দ্র করে বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর লালপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন চর ও নদীতীর এলাকায় অনুসন্ধান চালায়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চর জাজিরা এলাকার পদ্মা নদীর কিনারায় একটি সবুজ ও নীল রঙের স্পিডবোটের ভেতর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মো. আজিজুল হক ঝড়ু, বয়স ৩৫।
তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনা পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুল শেখ এবং মাতার নাম হাসিনা বেগম। পুলিশ জানায়, নিহতের বাম চোখের উপরের পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
গুলি মাথার ওপরের অংশ দিয়ে বের হয়ে গেছে। খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম শুরু করেন। এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিজুল হক ঝড়ু চারঘাট এলাকার একটি বালু উত্তোলন পয়েন্টে কাজ করতেন। বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
















