বাঘায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে (বৃহস্পতিবার) রাজশাহী বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
কর্মশালায় গ্রাম আদালতের গুরুত্ব এবং জনসাধারণের মাঝে এর প্রচারণার সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সার্বিক সহযোগিতায় এই কর্মশালা সম্পন্ন হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাম্মী আক্তার বলেন, গ্রাম আদালত একটি সম্পূর্ণ সরকারি সেবা। কিন্তু এই সেবার বিষয়টি সাধারণ জনগণ সঠিকভাবে না জানার কারণে ছোটখাটো বিরোধসমূহ নিয়েও তারা চরম ভোগান্তি ও নানামুখী হয়রানির শিকার হচ্ছেন।
এসব তুচ্ছ ঘটনা নিয়ে মামলা জেলা আদালতে যাওয়ার কারণে জেলা পর্যায়ে মামলার জট দিন দিন বাড়ছে। এতে সরকারের সুষম বিচারিক সেবা নিশ্চিত করার কাজটি ব্যাহত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, গ্রাম আদালতকে সক্রিয় করার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এই বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। কর্মশালায় বক্তারা জানান, গ্রামীণ জনসাধারণ যেন স্থানীয় ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধগুলো অল্প সময়ে এবং স্বল্প খরচে স্থানীয়ভাবেই সমাধান করতে পারেন, সেই লক্ষ্যেই সরকার গ্রাম আদালত চালু করেছে।
মূলত ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই মূল উপপাদ্যকে সামনে রেখেই এই সেবা পরিচালিত হচ্ছে। ২০০৬ সালে প্রথম গ্রাম আদালত আইন প্রণয়ন করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে গ্রাম আদালত বিধিমালা তৈরি এবং সর্বশেষ ২০২৪ সালে গ্রাম আদালত আইন সংশোধন করে আরও যুগোপযোগী ও জনবান্ধব করা হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা (ডলি), বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাঘা উপজেলা সমন্বয়কারী পরিতোষ চন্দ্র রায়, বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ, বাঘা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস, বাঘা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, বাঘা পদ্মা প্রেস ক্লাবের সভাপতি হাবিল উদ্দিন এবং তিনটি এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম আদালতের বার্তা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















