প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
- আপডেট সময় : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের পর এক তরুণীর বিরুদ্ধে প্রায় ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাটোরের লালপুরের মো. ইলিয়াছ হোসাইন (৩৩) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইলিয়াছ হোসাইন মালয়েশিয়ায় থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নারগিছ সুলতানা ঐশি (২৪) নামে এক তরুণীর সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইলিয়াছের দাবি, সম্পর্ক চলাকালে ঐশির পড়াশোনা, থাকা-খাওয়াসহ বিভিন্ন খরচ তিনি বহন করতেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে বিকাশ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে ওই তরুণী ইলিয়াছের কাছ থেকে আনুমানিক ৪ লাখ টাকা নেন। পরে গত ৭ আগস্ট ২০২৬ তিনি দেশে ফেরেন। দেশে ফেরার বিষয়টি ঐশিকে জানালে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইলিয়াছের দাবি, এরপর বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তিনি ঐশির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন।
অভিযোগে প্রশাসনের সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলো নিয়ে অভিযুক্ত নারগিছ সুলতানা ঐশির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং এ ঘটনায় কারও আইনগত দায় রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।














