নান্দাইল উপজেলার বাঁশহাটি বাজারে গভীর রাতে ৬টি দোকানে চালের টিন কেটে দুর্ধর্ষ চুরি
- আপডেট সময় : ০৬:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার(২ জুলাই)ভোরে জানাযায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি বাজারে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র চালের টিন কেটে অন্তত ৬টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চোরেরা বাজারের দোকানগুলোর চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, সিগারেট, মোবাইল ফোন বিভিন্ন পণ্যসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে টিন কাটা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একই রাতে একাধিক দোকানে চুরি হওয়ায় এটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ বলে তাদের ধারণা। বাজারে রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।












