বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

- আপডেট সময় : ০৪:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান অন্যন্যা। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় মৃত- আফাজ সরকারের ছেলে মোঃ নাসির সরকার কে ভেজাল আখের গুড় প্রস্তুত করায় নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের এ অভিযানে ভেজাল আখের গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান অন্যন্যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অভিযুক্ত নাসিরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও নগদ আদায় হয়। একই সঙ্গে উৎপাদিত ভেজাল গুড় এবং গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়। অভিযান প্রসঙ্গে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সবাইকে এ ধরনের অনৈতিক ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম চলমান থাকবে।




















