আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন

- আপডেট সময় : ০৫:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে এসে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর অভিযোগ, ভিড়ের মধ্যে ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশের সময় তাঁকে গালাগাল ও হুমকি দিতে শোনা যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আদালত প্রাঙ্গণে ধারণ করা একটি ভিডিওতে পরীমনিকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলতে শোনা যায়, তাঁদের মধ্যে একজন তাঁর গায়ে হাত দিয়েছেন। ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার দাবিও জানান তিনি। একপর্যায়ে ওই সাংবাদিককে ‘তুই’ সম্বোধন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী।
এদিকে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় এদিন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন পান তিনি।
আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে গায়ে হাত দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।



















