রাজশাহীতে আইসিসিআর-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈসা ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন। বক্তব্য প্রদানকালে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আইসিসিআর-এর দীর্ঘ পথচলা এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধনে আইসিসিআর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যা বন্ধুপ্রতিম এই দুই রাষ্ট্রের সম্পর্ককে আরও সুদৃঢ় করছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দুই দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, ১৯৫০ সালের ৯ এপ্রিল ভারতের তৎকালীন মৌলানা আবুল কালাম আজাদ আইসিসিআর প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতি তুলে ধরাসহ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে কাজ করে আসছে।




















