উৎসবের আমেজে বাঘায় পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি প্রণয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি, ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার শশী শবনব চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার তাহেরা হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল, উপজেলা বন সংরক্ষক (অ.দা.) মাহবুব ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বাঘা উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা এবং লোকজ আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।










