মানবিকতায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন: হৃদরোগে আক্রান্ত আঁখি আক্তারের পাশে ইউএনও
- আপডেট সময় : ১১:১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজার এলাকার বাসিন্দা গুরুতর হৃদরোগে আক্রান্ত গৃহবধূ আঁখি আক্তারের মানবিক সংকটের খবর প্রকাশের পরপরই সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন উলিপুর। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন আঁখি আক্তার।
অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল তার পরিবারের। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং সহমর্মিতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খবরটি নজরে আসার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করেন। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং অসহায় এই পরিবারের পাশে দাঁড়ান।
ইউএনও মাহামুদুল হাসান আঁখি আক্তারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহামুদুল হাসান জানান, “মানবিক দৃষ্টিকোণ থেকে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
” উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে আঁখি আক্তারের পরিবারে। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করবে।



















