সাভারের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ০৮:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার থানা রোডের বাগানবাড়ী রেস্টুরেন্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দিদারুল ইসলাম দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেড-এর সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, “তরুণ ও যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। সাভারের যুব সমাজকে স্বাবলম্বী করতে এবং তাদের নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে আমরা সব সময় পাশে আছি এবং থাকব।
বিশেষ অতিথি ড. মোহাম্মদ কামরুজ্জামান তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, আধুনিক বাজার ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে মো. দিদারুল ইসলাম দিপু বলেন, “যুব উদ্যোক্তা ফাউন্ডেশন তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজকের এই প্রশিক্ষণ কর্মশালা নতুন উদ্যোক্তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” দিনব্যাপী এ আয়োজনে সাভার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক তরুণ-তরুণী এবং নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বিপণন কৌশল ও আধুনিক ব্যবসায়িক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে সাভারের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বারামখানা’-এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ঈদ পুনর্মিলনী, প্রশিক্ষণ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে দিনব্যাপী এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আনন্দের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার নতুন অনুপ্রেরণা জোগায়।


















