সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

- আপডেট সময় : ০১:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সাভার মডেল থানাধীন মোগড়াকান্দা ভাঙা ব্রিজ ও সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর) বিভাগের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মোগড়াকান্দা ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন (৪৫) ও মো. আরিফ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রিপন ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। অন্যদিকে আরিফ হোসেন হাজারীবাগ এলাকার বাসিন্দা।
এ ছাড়া একই দিন রাত ৮টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় পৃথক অভিযান চালান ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় আব্দুস সালাম (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুস সালাম ঢাকার আশুলিয়া থানার টংগাবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।










