কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার

- আপডেট সময় : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার পর সাজেদা বেগম (৬০) নামের এক গৃহবধূকে বাড়ির পাশের তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাজেদা বেগম ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাজেদা বেগমকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান এলাকাবাসী।
এ সময় তাকে গাছের ওপর কখনো বসা, আবার কখনো শোয়া অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে পুকুরপাড়ের তেঁতুল গাছের উঁচু ডালে অবস্থান করতে দেখা যায়।
তবে পরিবারের কিছু আপত্তির কারণে শুরুতে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। একপর্যায়ে ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন।










