উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ
- আপডেট সময় : ০৩:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধা বিকাশে অনুপ্রাণিত করার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীর মাঝে ‘ফুল শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিক, ফাইট আনটিল লাইট (ফুল)-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমকর্মী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফিয়া তাসনিম অনুভূতি প্রকাশ করে বলে, “এই বৃত্তির জন্য আমি অনেক পড়াশোনা করেছি। বৃত্তি পেয়ে আমি খুবই আনন্দিত।
আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই।” বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক আ. আউয়াল আলী বলেন, “আমার ছেলে ফুল শিক্ষাবৃত্তি পেয়েছে। ইউএনও স্যারের উপস্থিতি শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।
” প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ. টি. এম. আরিফ বলেন, “আজকের অনুষ্ঠানে এসে জানতে পারলাম, ফাইট আনটিল লাইট (ফুল) দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান তাদের অন্যতম প্রশংসনীয় উদ্যোগ।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আমি ফুল পরিবারের সার্বিক সাফল্য কামনা করছি।” উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ফুল শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
ফাইট আনটিল লাইট দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম অঞ্চলে সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রেখে চলেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের আমার ছাত্র। তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম দেখে আমি গর্বিত।
ফাইট আনটিল লাইট (ফুল)-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, “ফাইট আনটিল লাইট (ফুল) গত ২৯ বছর ধরে কুড়িগ্রাম অঞ্চলে টেকসই শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই শিক্ষাবৃত্তি কার্যক্রম সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।” অনুষ্ঠিতে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



















