সাভার ও আশুলিয়ার চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সাভার ও আশুলিয়া ইপিজেড এলাকার শ্রমিক আন্দোলন নিরসন এবং শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানায় শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি ঢাকা জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও দায়িত্বশীল। তবে কোনো স্বার্থান্বেষী মহল বা বহিরাগত চক্র যেন শ্রমিকদের আবেগ ও দাবিকে পুঁজি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ কিংবা জনসাধারণের জানমালের ক্ষতিসাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সভায় শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় মজুরি বোর্ড গঠন, নতুন বেতন কাঠামো কার্যকর এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচনার মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধান এবং যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনা ও নেতৃত্বে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বদা তৎপর ও অঙ্গীকারবদ্ধ।














