উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন অরণ্য এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বামনাছড়া ইসলামিক গ্রাম রক্ষক সমিতি, তবকপুর। শনিবার (২০ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
“একটি গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে তালের গাছের গুরুত্ব তুলে ধরা হয় এবং ব্যাপকভাবে চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, তালের গাছ শুধু একটি ফলদ বৃক্ষ নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গ্রামীণ জনপদে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালের গাছ কার্যকর বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত ধারণা রয়েছে। এছাড়া মাটির ক্ষয়রোধ, বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল তৈরি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ বৃক্ষের বিশেষ অবদান রয়েছে। তাল ফল, পাতা ও কাঠ গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষনিধনের ফলে সৃষ্ট পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে তালের গাছ রোপণকে সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে অভিহিত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক। তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলতে হবে।
শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। পরিবেশবান্ধব সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মতলেবুর রহমান মঞ্জু এবং তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।
তারা পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তালের চারা রোপণ কর্মসূচিকে একটি মহৎ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন।
এ সময় উপস্থিত ছিলেন অরণ্য উলিপুর উপজেলা কমিটির সভাপতি নুরুন্নবী আজাদ, শামসুল আলম সবুজ, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রাজা, সংগঠনের কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যা এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে তালের চারা রোপণের মাধ্যমে এলাকায় সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের আশা, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং উলিপুরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















