রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ১৪৩৩ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিনে (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এই সবুজায়ন উদ্যোগের আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি প্রেমের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন, ”জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চিরসবুজ বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার এবং রাজশাহী মহানগর ১১ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রাফিউল ইসলাম রাফি। এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানের শেষভাগে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠ ও চারপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এই বৃক্ষরোপণ অভিযানে শামিল হয় এবং প্রতিটি চারা গাছ নিয়মিত যত্ন সহকারে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।



















