উলিপুরে পুলিশি চেকপোস্টে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, বহনকারী সিএনজি জব্দ
- আপডেট সময় : ০৫:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর থানা এলাকায় পুলিশি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন।
এসময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে ঘুরে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কে উল্টে যায়।
এসময় সিএনজিতে থাকা চালকসহ মোট তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত সিএনজিটি তল্লাশি করে পুলিশ ৪টি প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত, প্লাস্টিক টেপ ও রশি দ্বারা প্যাঁচানো ৭টি পোটলায় মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পুরাতন সবুজ রঙের সিএনজি (রেজিস্ট্রেশন নং: বগুড়া-থ-১১-৪৫৭০) জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্যও ৫ লাখ ৫০ হাজার টাকা।
রাত ৯টা ৩০ মিনিটে এসআই মোঃ মাজেদুল ইসলাম জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মালামাল নিজ হেফাজতে নেন এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুর থানা এলাকায় পুলিশের এমন তৎপরতা অব্যাহত রয়েছে।




















