নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস র্যালি, আলোচনা ও উন্নয়নের প্রত্যয়

- আপডেট সময় : ০৮:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের- নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নান্দাইলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, বিআরডিবির চেয়ারম্যান দুলাল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল এবং সাংবাদিক এ. হান্নান আল আজাদ।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পল্লী অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










