সাভারের দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু
- আপডেট সময় : ০২:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিজেই পুলিশ নিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।
জানা যায়, স্থানীয় এক ভুক্তভোগী মহিলার অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় আলতাফ নগর এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল নামে দুই চাঁদাবাজকে আটক করা হয়।
পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এদিকে অভিযানের খবর পেয়ে এলাকায় থাকা মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্বাচনী ইশতেহারের ১শ’ দিনের কর্মসূচির অংশ হিসেবে এলাকায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান শুরু করা হয়েছে।
এ সময় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,চাঁদাবাজদের কোনো দল নেই।সে যে দলেরই হোক না কেন,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাস্ত করা হবে না।
তিনি জোর দিয়ে বলেন, দুষ্কৃতকারীদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















