ধানের শীষ হাতে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লায় : হাসনাত আব্দুল্লাহ
- আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড বিএনপি এসে বিএনপির মূল নেতা-কর্মীদের কর্ণার করে ফেলেছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করে, তারা চাঁদাবাজি করে না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে। কিন্তু ভোটটা দেবে দাঁড়িপাল্লাতে, ভোটটা দেবে শাপলা কলিতে, ভোটটা দেবে রিকশা মার্কায়। শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় এনসিপি যশোরের প্রধান সমন্বয়ক নূরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপি যশোরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। হাসনাত আব্দুল্লাহ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা কোন রাজনৈতিক দলের পুলিশ হবেন না। বাংলাদেশের গর্বিত পুলিশ হন। আমরা আপনাদের নিরাপত্তা দেবো। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, একটি দলের প্রধান মুখে হ্যাঁ ভোটের কথা বলছেন। আর তার কর্মীরা না এর পক্ষে প্রচারণা করছেন। নাম সর্বস্ব পর্যবেক্ষক যোগাড় করে ভোট কারচুপি করার, রিগিং করার ষড়যন্ত্র করছে তারা। তিনি ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।


















