দেশকে যুবসমাজের হাতে তুলে দিতে চাই এটা শুধু মুখের কথা নয়, হৃদয়ের গভীর থেকে বলা অঙ্গীকার
- আপডেট সময় : ১২:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যুবকদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। আমরা দেশটি যুবসমাজের হাতেই তুলে দিতে চাই। এটা শুধু কথার কথা নয়, এটা আমাদের অন্তরের অঙ্গীকার। আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি এই যুবকদের কারণেই।”
শনিবার দুপুরে নিজের জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখা এ জনসভার আয়োজন করে।
দুপুর ১২টার দিকে সভামঞ্চে পৌঁছে শফিকুর রহমান বলেন, “একটি বিষয়ে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। নির্বাচনের প্রস্তুতির সময় দেশে ও বিদেশে অনেক ভাই অনুরোধ করেছিলেন, যেন আমি দুটি আসনে নির্বাচন করি—একটি আমার জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া) এবং অন্যটি ঢাকায়। আমি তখন স্পষ্ট করে হ্যাঁ বা না কিছুই বলিনি। অনেকেই ভেবেছিলেন, আমি হয়তো নির্বাচনে আসছি না। কিন্তু আমি ঢাকায় নির্বাচন করছি।”
মৌলভীবাজার-২ আসনের দলীয় প্রার্থী মো. সায়েদ আলীর প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, “সব আসনে আমাদের একজন করে প্রার্থী থাকলেও এখানে দুজন রয়েছেন—একজন ছায়া প্রার্থী, অন্যজন বাস্তব প্রার্থী। কুলাউড়ার উন্নয়নের দায়িত্ব আমি নিজে নিয়েছি।”
চা-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “এখানে বিপুলসংখ্যক চা-শ্রমিক ভাই-বোন উপস্থিত আছেন। চায়ের রাজধানী মৌলভীবাজারেই আমার জন্ম। তাঁদের কথা ভুলে যাওয়া মানে নিজেকেই ভুলে যাওয়া। চা-শ্রমিকদের জন্য সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। আমরা চাই না রাজার ছেলে রাজা হোক, রানির মেয়ে রানি হোক। আপনার সন্তান যদি মেধাবী হয়, আমরা যদি তার মেধা বিকাশের সুযোগ করে দিই, তাহলে সে একদিন দেশের প্রধানমন্ত্রীও হতে পারে।”
সভায় তিনি মৌলভীবাজার-২ আসনের প্রার্থী মো. সায়েদ আলী এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থী মো. সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান এবং লেবার পার্টির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী।
এর আগে শফিকুর রহমান হেলিকপ্টারে করে কুলাউড়া সরকারি কলেজ মাঠে পৌঁছান।
উল্লেখ্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।


















