গণিত সত্যের চর্চা শেখায়, সত্যের ভিত্তিতে দাঁড়াতে সাহায্য করে
- আপডেট সময় : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
মাঘের শীতে বাঘে কাঁপে এমন প্রবাদ থাকলেও মাঘের শেষ সময়ে সেই শীতের দেখা নেই। রৌদ্রোজ্জ্বল সকালে ঘড়ির কাঁটা তখন আটটা পেরিয়েছে। ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায় দেখা যায় অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়। ময়মনসিংহ আঞ্চলিক গণিত উৎসব ঘিরেই ছিল এই জমায়েত। আজ শুক্রবার ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকার বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০২৬’-এর ময়মনসিংহ আঞ্চলিক পর্ব। গণিত উৎসবের ২৪তম আয়োজনে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলাসহ কিশোরগঞ্জ ও টাঙ্গাইল থেকে প্রায় ১ হাজার ৪০০ খুদে গণিতবিদ উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেয়। সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও ডাচ্-বাংলা ব্যাংকের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ প্রধান শাখার ডেপুটি ম্যানেজার নূরুল আমিন। পরে রঙিন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান। তিনি উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে গণিতচর্চায় দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।




















