উলিপুরকে সবফুলের মিশ্রণে ফুটন্ত বাগান হিসেবে দেখতে চাই এমপি ব্যারিস্টার সালেহী
- আপডেট সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের লক্ষ্যে এক সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উলিপুরের সামগ্রিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের মতামত ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন, “আমি উলিপুরকে সবফুলের মিশ্রণে ফুটন্ত একটি বাগান হিসেবে দেখতে চাই। এখানে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন উলিপুর গড়তে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
তিনি আরও বলেন, “আমি যে সকল সুযোগ-সুবিধা আনতে পারব, তা সকল ধর্মের মানুষের জন্য সমানভাবে বণ্টন করা হবে। দিন শেষে আমরা সবাই এই এলাকার মানুষ, আমরা একে অপরের ভাই। আমাদের মাঝে রাজনৈতিক বা ধর্মীয় কোনো বিভেদ নেই। আমি এমন একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির উলিপুর চাই।” তিনি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে উলিপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন দিলীপ কুমার পোদ্দার, সুবোধ মজুমদার, চন্দন মজুমদার, রামকৃষ্ণ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চক্রবর্তী, বিপ্লব মজুমদার ও সুনিল চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং উন্নয়ন কার্যক্রমে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।



















