এক-এগারোর সময়ে তারেক রহমানকে নির্যাতনকারীদের একজন আফজাল বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ
- আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
এক-এগারোর সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর কিছু কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মী ও ব্যবসায়ীদের ওপর নির্যাতন চালিয়েছিলেন। সে সময় তারেক রহমানকেও ডিজিএফআই সদস্যরা অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন করেন। অভিযুক্তদের একজন হিসেবে আফজাল নাছেরের নাম উল্লেখ করা হয়েছে।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত রোববার গভীর রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ আফজাল নাছেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার আদালতে আবেদন করেন।
রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন মামলার মাধ্যমে হয়রানি করেছিলেন। একপর্যায়ে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চাইলেও, সেখানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা এই আসামির প্ররোচনায় তা সম্ভব হয়নি।
তিনি আরও দাবি করেন, আফজাল নাছের শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন এবং জুলাই আন্দোলনের সময় আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। ডিজিএফআইয়ের প্রভাব ব্যবহার করে বিএনপির নেতা–কর্মীদের নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও জানান রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. হেলাল উদ্দিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি বলেন, মামলায় আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। শেখ হাসিনার পক্ষে কাজ করলে তাকে পুরস্কৃত করা হতো, কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালে চাকরি করার বিষয় ছাড়া মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। আসামির বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন জানানো হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবির একটি সূত্র জানায়, এক-এগারোর অন্যতম আলোচিত ব্যক্তি সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।



















