ভোটের প্রচারণা গাড়িতে জনমত বাক্সে উঠে আসছে মানুষের ভাবনা
- আপডেট সময় : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কেউ লিখেছেন ব্যক্তিগত কষ্টের কথা, কেউ চান হয়রানিমুক্ত হোক সব ধরনের সরকারি সেবা। রাষ্ট্রযন্ত্রের সংস্কার, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, নারী–পুরুষের সমতা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষাব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত ও আধিপত্যহীন বাংলাদেশের দাবিও উঠে এসেছে বহু মন্তব্যে। আবার কেউ কেউ লিখেছেন ব্যক্তিগত আক্রমণ, ক্ষোভ কিংবা সরকারের কড়া সমালোচনা।
সব মিলিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উদ্দেশে ছোট ছোট কাগজে মতামত দিয়েছেন মোট ৪০ হাজার ২০৬ জন নাগরিক।
‘দেশের চাবি, আপনার হাতে’—গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির মাধ্যমে পরিচালিত কার্যক্রমে স্থাপিত ‘জনমত বাক্সে’ সরাসরি নিজের মনের কথা লিখেছেন দেশের সাধারণ মানুষ।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬টি মন্তব্য, চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি, রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি, খুলনা থেকে ৪ হাজার ৬৭৮টি, রংপুর থেকে ৩ হাজার ৬০৫টি, বরিশাল থেকে ২ হাজার ১২৪টি, ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি এবং সিলেট থেকে ১ হাজার ৬৫১টি মতামত।
ভোটের গাড়ি দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার প্রায় ২ হাজার ১৬৯টি স্থানে গিয়ে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে।
দিনাজপুর থেকে লিজা, বিপাশা, সুমি, লিনা ও বৃষ্টি লিখেছেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে স্মরণ রেখে আমরা দেশের সুন্দর ও সুষ্ঠু সংস্কার চাই। নারী ও শিশুর অধিকার নিশ্চিত করতে হবে, ধর্ষণের ঘটনায় ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক। যে দলই ক্ষমতায় আসুক না কেন, দিনাজপুরসহ পুরো দেশের সংস্কারে সবাই যেন আন্তরিকভাবে কাজ করে।’
কোনো ধরনের সংকোচ বা অস্বস্তি ছাড়াই লেখা এসব আবেগঘন ও স্বতঃস্ফূর্ত মন্তব্য পড়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জনগণের এমন নিঃস্বার্থ ভালোবাসা অমূল্য সম্পদ। তাই কোনো ধরনের সম্পাদনা বা কাটাছেঁড়া ছাড়াই সব প্রশংসা, মন্তব্য, পরামর্শ এবং সমালোচনা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি।


















