আগামী ৭৫ দিনের মধ্যে পরিবর্তনশীল উলিপুর গড়ার প্রতিশ্রুতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
- আপডেট সময় : ০৫:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও কর্মীসভায় আগামী ৭৫ দিনের মধ্যে একটি পরিবর্তনশীল ও উন্নত উলিপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন উলিপুর-কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (২২ মার্চ) দুপুরে উলিপুরের এম. এ. মতিন কারিগরি ও কৃষি কলেজের সভাকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে কর্মীসভা, বহিরাগত চাকরিজীবী ও স্থানীয়দের অংশগ্রহণে কুশল বিনিময় এবং ঈদের আনন্দ ভাগাভাগি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, এ উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস, যাদের চাহিদা ভিন্ন ভিন্ন। প্রায় ৭০ শতাংশ মানুষ দরিদ্র এবং ৩০ শতাংশ তুলনামূলক স্বাবলম্বী। তাই সবার চাহিদার সমন্বয়ে একটি সমৃদ্ধ উলিপুর গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ইতোমধ্যে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। ডিও লেটার অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেন গ্রহণযোগ্য নয় বলে তিনি কঠোরভাবে উল্লেখ করেন। ভালো ফলাফলই হবে অনুমোদনের একমাত্র ভিত্তি; ফলাফল খারাপ হলে কোনো প্রতিষ্ঠান অনুমোদন পাবে না।
এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, উলিপুরে ৮৯ হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল।
৬০ হাজার মানুষ এই সুবিধা বঞ্চিত। অতিরিক্ত কার্ড থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে বিতরণ না হওয়ায় ন্যায্য বণ্টন নিশ্চিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
এ প্রেক্ষিতে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ইনসাফভিত্তিক বণ্টন কমিটি গঠন করতে হবে। আগামী ঈদুল আজহার আগেই এসব কমিটি গঠন করে মাঠপর্যায়ে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে হবে। বণ্টনে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে—তিনি যত বড় নেতাই হোন না কেন। ভবিষ্যতে ভিজিএফ কার্যক্রমে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানের শেষে তিনি আগামী ৭৫ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উলিপুর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং বায়তুল মাল সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা মোঃ কামাল কবির লিটন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















